মুন্সীগঞ্জ প্রতিনিধি :: মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, সময়মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ, তিনি কোরআন-সুন্নাহর বাহিরে কিছু করেন না।
আজ (শুক্রবার ৭ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদীখানে হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, আমি নিজে এসে দেখে গেলাম। আমি ওয়াদা করছি যারা এই সহিংসতার সাথে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসবো।
তিনি আরো বলেন, ইসলাম ধর্ম কখনো সহিংসতার কথা বলে না, ইসলাম শান্তির ধর্ম। যারা হেফাজতের নামে দুষ্কর্ম করে, নিষ্ঠুরতা করে, অত্যাচার করে, এরা মানুষ না; এরা অমানুষ।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা, মেজর জেনারেল (অব.) এ কে এম হুমায়ুন কবির, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন, সিরাজদীখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের সিরাজদীথানের রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি এসএম আলমগীর কবিরের বাড়িসহ ওই ইউনিয়নের ১০টি বাড়িঘর ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুণ।
Durba TV academic Website