নবম-দশম শ্রেণি ব্যবসায় উদ্যোগ:সৃজনশীল প্রশ্ন ও উত্তর (ফ্রি PDF)
সৃজনশীল প্রশ্ন
মেহদাদ ও নুহাস দুই বন্ধু দশ বছর বিদেশে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেছেন। তাদের আর বিদেশ যাবার ইচ্ছা নেই। মেহদাদদের এলাকা চিড়া-মুড়ি তৈরির জন্য বিখ্যাত।
সে জন্য মেহদাদ গ্রামের দক্ষ কারিগরদের একত্রিত করে বৃহৎ আকারে মানসম্মত চিড়া-মুড়ি তৈরির সিদ্ধান্ত গ্রহণ করলেন। এতে মেহদাদের উন্নতির পাশাপাশি কারিগরদেরও সচ্ছলতা বৃদ্ধি পেল। অন্যদিকে নুহাস গ্রামের ঐতিহ্যকে লালনের উদ্দেশ্যে তার নিজ বাড়িতে একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। এলাকাবাসী তাদের কর্মকাণ্ডে খুশি।
ক. ম্যাটসুসিটা কোন দেশের কোম্পানি?
খ. ব্যবসায় উদ্যোক্তা বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
গ. নুহাসের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা কোন ধরনের চিন্তা? ব্যাখ্যা কর।
ঘ. ‘মেহদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে’ উক্তিটি মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. ম্যাটসুসিটা জাপানের কোম্পানি।
খ. যিনি লাভের আশায় ঝুঁকি নিয়ে ব্যবসায় প্রতিষ্ঠার জন্য উদ্যোগ গ্রহণ করেন তিনিই ব্যবসায় উদ্যোক্তা। অর্থাৎ যে ব্যক্তি দৃঢ় মনোবল ও সাহসিকতার সাথে ফলাফল অনিশ্চিত জেনেও ব্যবসায় স্থাপন করেন ও সফলভাবে ব্যবসায় পরিচালনা করেন, তাকেই ব্যবসায় উদ্যোক্তা বলা হয়। ব্যবসায় উদ্যোক্তা ব্যবসায়ের প্রাথমিক ঝুঁকি ও দায় দায়িত্ব বহন করেন।
গ. নুহাসের গ্রামে পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা একটি জনকল্যাণমূলক চিন্তা।
সাধারণ অর্থে যেকোনো কাজের কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। অতএব উদ্যোগ যেকোনো বিষয়েই হতে পারে। ব্যবসায় উদ্যোগের উদ্দেশ্য মুনাফা অর্জন আর অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ। উদ্দীপকে নুহাস একজন বিদেশ ফেরত যুবক।
দেশে ফেরার পর তিনি নিজ গ্রামের বাড়িতে ছেলেমেয়েদের পড়াশোনা ও গ্রামের ঐতিহ্য লালনের জন্য একটি পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা করা নুহাসের দৃঢ় মনোবল ও উদ্যোগ গ্রহণের ফসল। তিনি প্রতিষ্ঠানটি মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠা করছেন না।
তাই এটি এক ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ। নুহাসের এ জনহিতকর কাজের মাধ্যমে গ্রামের মানুষ এবং সমাজ যেমন উপকৃত হবে তেমনি এর মাধ্যমে সে তার গ্রামের ঐতিহ্যকে ধরতে রাখতে পারবে। তাই নুহাসের পাঠাগার ও সংগ্রহশালা প্রতিষ্ঠা একটি জনকল্যাণমূলক উদ্যোগ।
ঘ. মেহদাদের উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয় হতে পারে বলে আমি মনে করি।
একজন উদ্যোক্তা নানা ধরনের গুণাবলির অধিকারী হয়ে থাকেন। এসব গুণাবলিসমূহ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সহায়তা করে। তাই এসব গুণাবলি অন্যসব মানুষের জন্য সব সময় অনুকরণীয়। উদ্দীপকে মেহদাদ একজন বিদেশ ফেরত যুবক।
নিজ গ্রামে কিছু করবে বলে তিনি আর বিদেশ যেতে ইচ্ছুক নন। এর ফলশ্রুতিতে তিনি বৃহৎ আকারে চিড়া-মুড়ির কারখানা স্থাপন করেন। তার সাথে গ্রামের আরও দক্ষ শ্রমিক বা কারিগর নিয়োগ দিলেন। এতে তার ব্যবসায় সফলতার সাথে পরিচালিত হতে থাকল।
ফলে মেহদাদ নিজেও যেমন আর্থিকভাবে সচ্ছল হলেন তেমনি কারিগরদের আর্থিক সচ্ছলতাও বৃদ্ধি পেল। মেহদাদ তার কাজের মাধ্যমে এটাই প্রমাণ করেছেন যে, উদ্যম ও ইচ্ছাশক্তি থাকলে সহজেই যে কেউ একজন সফল উদ্যোক্তা হতে পারে।
একজনের গৃহীত উদ্যোগ দেশের এবং সমাজের জন্য উপকারী হতে পারে। সুতরাং বলা যায়, মেহদাদ সম্পর্কে প্রশ্নের উক্তিটি নিঃসন্দেহে যথার্থ।
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় MCQ (উত্তরসহ ফ্রি PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্নোত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি:দ্বিতীয় অধ্যায় ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা
- উত্তর ডাউনলোড করুন> (PDF)নবম-দশম শ্রেণি:ব্যবসায় উদ্যোগ MCQ (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> নবম-দশম শ্রেণি :ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় ব্যবসায় পরিচিতি
- উত্তর ডাউনলোড করুন>SSC:ফিন্যান্স ও ব্যাংকিংজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংসমন্বিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
সৃজনশীল প্রশ্ন
কাজল ছোটবেলা থেকেই ছবি আঁকে। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে সে ছবি ও ব্যানার লিখে থাকে। তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই প্রশংসা করে।
পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে বেশ কিছু অর্থও আসে। তার উৎসাহ আরও বেড়ে যায়। কিন্তু কিছু সমস্যার কারণে বৃহৎ পরিসরে কাজল তার কর্মকে এগিয়ে নিতে পারছে না। কাজল স্বপ্ন দেখে একদিন তার ‘কাজল আর্ট’-এর সুনাম ও পরিচিতি এলাকার বাইরেও ছড়িয়ে পড়বে।
ক. উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ কী?
খ. উদ্যোগ ও ব্যবসায় উদ্যোগের মধ্যে পার্থক্য কী?
গ. উদ্দীপকের কাজলের মধ্যে উদ্যোক্তার কোন গুণটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব ও মূল্যায়ন কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. উদ্যোগের ইংরেজি প্রতিশব্দ হলো ঊহঃৎবঢ়ৎবহবঁৎংযরঢ়।
খ. যেকোনো কাজের কর্ম প্রচেষ্টাকেই উদ্যোগ বলে। উদ্যোগে মুনাফা অর্জনের উদ্দেশ্য বাধ্যতামূলক নয়। অপরদিকে ব্যবসায় উদ্যোগ বলতে কোনো কাজে ঝুঁকি আছে জেনেও মুনাফা লাভের আশায় কাজ করার প্রচেষ্টাকে বোঝায়।
এর প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন। অর্থাৎ, ব্যবসায় উদ্যোগের প্রদান উদ্দেশ্য মুনাফা অর্জন কিন্তু অন্যান্য উদ্যোগের উদ্দেশ্য জনকল্যাণ।
গ. উদ্দীপকে কাজলের মধ্যে উদ্যোক্তার সৃজনশীলতার গুণটি পরিলক্ষিত হয়।
একজন উদ্যোক্তা নানান ধরনের গুণাবলির অধিকারী হয়ে থাকেন। এসব গুণাবলিসমূহ তাকে সাফল্যের দ্বারপ্রান্তে নিয়ে যেতে সহায়তা করে।
উদ্যোক্তার বিভিন্ন গুণের মধ্যে একটি হলো সৃজনশীলতা। উদ্দীপকে সৃজনশীলতা গুণের মাধ্যমে কাজল তার উদ্ভাবনী শক্তিকে কাজে লাগান। যদিও কাজল এখন প্রতিষ্ঠিত উদ্যোক্তা নন। তারপরও উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে। কাজল ছোটবেলা থেকেই ছবি আঁকে। এজন্য সে স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ছবি ও ব্যানার লিখে থাকে।
তার নিখুঁত ও আকর্ষণীয় কাজ দেখে শিক্ষক ও বন্ধুবান্ধব সবাই প্রশংসা করে। পরীক্ষার পর কাজল একটি এনজিওর অনুরোধে কিছু পোস্টার ও ব্যানার তৈরি করে দেয়। এতে তার হাতে বেশ কিছু অর্থ আসে। অর্থাৎ কাজল তার দক্ষতা ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে অর্থ উপার্জনে সক্ষম হয়েছে বলেই তার মধ্যে উদ্যোক্তার সৃজনশীল গুণের বিকাশ ঘটেছে।
ঘ. কাজলদের মতো সম্ভাবনাময় উদ্যোক্তাদের অনুপ্রাণিত করার মাধ্যমে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব বলে আমি মনে করি। আমাদের দেশে মেধা মনন ও দক্ষতার খুব বেশি ঘাটতি নেই। তবে উদ্যোগ উন্নয়নে বিরাজমান পরিবেশ সকল ক্ষেত্রে অনুকূল নয়।
বেশ কিছু বাধার করণে এখানে উদ্যোগ উন্নয়ন কাক্সিক্ষত পর্যায়ে পৌঁছতে পারেনি। উদ্দীপকের কাজল ভালো ছবি আঁকে এবং ভবিষ্যৎ সাফল্য সম্পর্কে সে আশাবাদী। সে স্বপ্ন দেখেÑ ‘কাজল আর্ট’ নামে নিজের একটি প্রতিষ্ঠান হবে। যার খ্যাতি, সুনাম সারাদেশে ছড়িয়ে পড়বে। কিন্তু কিছু সমস্যা তার স্বপ্নকে বাধাগ্রস্ত করছে।
যেমন : মূলধনের অভাব, প্রচারণার অভাব, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব। বাংলাদেশের কাজলের মতো অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা বিভিন্ন সমস্যা বা প্রতিকূলতার জন্য সফলতা লাভ করতে পারছে না। তারা যদি সাহায্য সহযোগিতা পায় তবে তারাও একদিন সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাবে। এর মাধ্যমে দেশে যেমন নতুন নতুন উদ্যোক্তা শ্রেণি তৈরি হবে তেমনি দেশের ব্যাপক উন্নতিও হবে।
সুতরাং বলা যায়, কাজলের মতো উদ্যোক্তাদের বিভিন্ন প্রণোদনা বা সহায়তার মাধ্যমে অনুপ্রাণিত করে দেশে বিশাল উদ্যোক্তা শ্রেণি তৈরি করা সম্ভব।
সৃজনশীল প্রশ্ন
আবির যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার সার্ভিসিংয়ের উপর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে চাঁদপুরের নতুন বাজারে কম্পিউটার সার্ভিসিং সেন্টারের একটি দোকান দিলেন।
নিয়মিত বিদ্যুৎ এবং যাতায়াত সুবিধা ভালো হওয়ায় দোকানের গ্রাহক সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। তবে স্থানীয় কিছু যুবক প্রতিনিয়তই চাঁদা দাবি করে তাকে হুমকি দিয়ে আসছে। এ পরিস্থিতিতে আবির ব্যবসায়টি অন্যত্র স্থানান্তরের কথা ভাবছেন।
ক. ব্যবসায় ঝুঁকি বেশি হলে লাভের সম্ভাবনা কেমন হয়?
খ. ব্যবসায় স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা করা ঝুঁকিপূর্ণ কেন?
গ. আবিরের ব্যবসায়ে সফলতায় অনুকূল পরিবেশের কোন উপাদানটি জড়িত? ব্যাখ্যা কর।
ঘ. আবিরের ব্যবসায়ের প্রতিকূল দিকটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. ব্যবসায় ঝুঁকি বেশি হলে লাভের সম্ভাবনাও বেশি থাকে।
খ. একটি শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন ও সুষ্ঠুভাবে পরিচালনা একটি ঝুঁকিপূর্ণ কাজ। কেননা যেকোনো ব্যবসায় স্থাপন ও সুষ্ঠু পরিচালনার জন্য সঠিক পরিকল্পনা, সঠিক ব্যবসায় নির্বাচন ও ঝুঁকি নিরূপণ করা প্রয়োজন।
এ কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা না হলে ব্যবসায় উদ্যোগ ব্যর্থতায় পর্যবসিত হবে এবং ব্যবসায় স্থাপন ও পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তাই ব্যবসায় স্থাপন ও পরিচালনা করাকে ঝুঁকিপূর্ণ কাজ বলা হয়।
গ. আবিরের ব্যবসায় সফলতায় অনুকূল পরিবেশের উন্নত অবকাঠামোগত উপাদানটি জড়িত।
যেকোনো এলাকায় ব্যবসায় স্থাপনের জন্য কতগুলো উপাদান অত্যাবশ্যকীয়।
এসব উপাদানগুলোর একটি হলো উন্নত অবকাঠামোগত উপাদান। এই উপাদানের আওতাভুক্ত হলোÑ বিদ্যুৎ সুবিধা, গ্যাস সুবিধা, উন্নত রাস্তা-ঘাট, সুষ্ঠু পরিবহন ব্যবস্থা ইত্যাদি। এসব বিষয়গুলো ব্যবসায় গড়ে ওঠার পেছনে কাজ করে। উদ্দীপকে আবির চাঁদপুরে কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান স্থাপন করেছেন।
তার প্রতিষ্ঠিত নতুন বাজারের দোকানটিতে নিয়মিত বিদ্যুৎ সুবিধা ভালো হওয়ায় ধারাবাহিকভাবেই তিনি সার্ভিসিংয়ের কাজ করতে পারেন। তাছাড়া নতুন বাজারের স্থানটিতে যাতায়াত সুবিধা ভালো হওয়ায় গ্রাহক
এবং ব্যবসায়ের সাথে সম্পৃক্ত সকলের সাথেই যোগাযোগ করা সহজ হয়। এসব বিষয়সমূহ আবিরের ব্যবসায়কে উন্নত করেছে। তাই বলা যায়, আবিরের ব্যবসায়ের সফলতায় অবকাঠামোগত উপাদানটির ভূমিকা রয়েছে।
ঘ. আবিরের ব্যবসায়ের প্রতিকূল দিকটি হলো আইন-শৃঙ্খলা পরিস্থিতি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনুকূল থাকলে ব্যবসায় স্থাপন ও পরিচালনা সহজ হয়। অন্যদিকে অস্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায় স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে মারাত্মক হুমকি সৃষ্টি করে।
উদ্দীপকে আবিরের চাঁদপুরের নতুন বাজারে কম্পিউটার সার্ভিসিং সেন্টারের একটি দোকান রয়েছে। তার ব্যবসায়ের সফলতার দৃষ্টিগোচর হওয়ায় এলাকার সন্ত্রাসী যুবকরা তার কাছে চাঁদা দাবি করতে শুরু করেছে।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকলে স্থানীয় যুবকরা আবিরের নিকট চাঁদা দাবি করতে পারতো না। সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পেতে আবির তার দোকনটি অন্যত্র স্থানান্তরের চিন্তা করছেন।
সুতরাং, নতুন বাজার এলাকায় আবিরের ব্যবসায়ের অবকাঠামোগত উপাদান বিদ্যমান থাকা সত্ত্বেও ঐ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ব্যবসায়ের জন্য প্রতিকূল হওয়ায় তাকে তার ব্যবসায় অন্যত্র স্থানান্তরের চিন্তা করতে হচ্ছে।
সৃজনশীল প্রশ্ন
মি. মাকসুদ ভূগোল বিষয়ের ওপর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে অন্যের অধীনে চাকরি না করে যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে মৎস্য চাষের ওপর তিন মাসের প্রশিক্ষণ গ্রহণ করে নিজ এলাকার ৩টি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন।
মাছের পোনা ভর্তি হাঁড়ি বহন, জাল টানা, মাছের খাদ্য বহন ইত্যাদি কাজ নিজ হাতে করতে তিনি খুব পছন্দ করেন। ফলে মজুরি সাশ্রয়ের সাথে সাথে তার ব্যবসায়েরও অনেক অগ্রগতি হয়েছে এবং আর্থিকভাবে তিনি লাভবান হয়েছেন।
ক. বাংলাদেশের মানুষ কোন পেশার ওপর নির্ভরশীল?
খ. উদ্যোক্তার উৎপাদিত পণ্যের বিক্রয়মূল্য অনিশ্চিত কেন?
গ. উদ্যোক্তার কোন গুণ মি. মাকসুদকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধ করেছে? ব্যাখ্যা কর।
ঘ. মি. মাকসুদের ব্যবসায়ে অগ্রগতির পিছনে মূল কারণটি বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. বাংলাদেশের মানুষ কৃষি পেশার ওপর নির্ভরশীল।
খ. প্রতিযোগিতামূলক বাজারে কী হারে মূল্য নির্ধারণ করলে ক্রেতা পণ্য ক্রয়ে আকৃষ্ট হবে তা নির্ধারণ করা যায় না। তদুপরি উদ্যোক্তা যদি দীর্ঘমেয়াদি মুনাফার পরিবর্তে স্বল্প সময়ে প্রচুর মুনাফা করতে চান তাহলে উচ্চ হারে পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। কিন্তু ক্রেতা কখনও অধিক মূল্যে পণ্য ক্রয় করতে চায় না। এজন্য উদ্যোক্তার নিকট উৎপাদন ব্যয় নির্দিষ্ট হলেও বিক্রয়মূল্য অনিশ্চিত।
গ. উদ্যোক্তার যে গুণটি মি. মাকসুদকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধ করেছে সেটি হচ্ছে ‘স্বাধীনচেতা মনোভাব’।
অন্যের অধীনে চাকরি করলে অনেক বেশি অর্থ উপার্জন করা গেলেও অনেক ক্ষেত্রে নিজের কোনো স্বাধীনতা থাকে না। কিন্তু নিজের প্রতিষ্ঠিত ব্যবসায়ের ক্ষেত্রে স্বাধীনতা থাকে।
উদ্দীপকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে মি. মাকসুদ যেমন একাই সকল ঝুঁকি বহন করেন তেমনি লাভও তিনি একাই ভোগ করার সুযোগ পান। চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট ও নিয়মিত আয় প্রবাহ থাকলেও আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে প্রচুর অর্থবিত্তের মালিক হওয়ার সুযোগ রয়েছে।
মি. মাকসুদ সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রচুর অর্থের মালিক হতে পেরেছেন। তাই বলা যায়, মি. মাকসুদের স্বাধীনচেতা মনোভাবই তাকে আত্মকর্মসংস্থানের ক্ষেত্র তৈরিতে উদ্বুদ্ধ করেছে।
ঘ. মি. মাকসুদের ব্যবসায়ে অগ্রগতির পিছনে মূল কারণটি হলো তার কঠোর পরিশ্রম করার ক্ষমতা।
একজন উদ্যোক্তা সবসময় শ্রমের প্রতি মর্যাদাশীল।
তিনি সবসময় সব ধরনের কাজ করতে প্রস্তুত থাকেন এবং কোনো কাজকে ছোট করে দেখেন না। শ্রমের প্রতি মর্যাদা দেন বলেই একজন সফল উদ্যোক্তা সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন।
উদ্দীপকে মি. মাকসুদ তার আত্মকর্মসংস্থান ক্ষেত্রে মাছের পোনা ভর্তি হাঁড়ি বহন, জালটানা, মাছের খাদ্য বহনের কাজ করতে কোনো লজ্জাবোধ করেননি। শিক্ষার গর্ব তাকে কর্মবিমুখ করেনি।
কোনো কাজই ছোট নয়, সেটি মি. মাকসুদ তার কাজ দিয়ে প্রমাণ করেছেন। জীবিকা অর্জনের তাগিদে ব্যবসায়ের অগ্রগতি আনয়নের জন্য তিনি সকল কাজে নিজে সম্পৃক্ত থেকে করার চেষ্টা করেছেন।
ফলে তার মজুরি সাশ্রয় হয়েছে, কাজে গতিশীলতা এসেছে এবং মুনাফা বেশি হয়েছে। সুতরাং বলা যায়, মি. মাকসুদ কঠোর পরিশ্রমের দ্বারা তার ব্যবসায়ের উপার্জন বৃদ্ধি করতে পেরেছেন।
সৃজনশীল প্রশ্ন
জনাব কালাম তার বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে গরু-ছাগল পালনে অনেক সমস্যার কথা জেনেও একটি ডেইরি ফার্ম স্থাপন করলেন। কিছুদিন পর ফার্মে দুটি দামী গাভীর আকস্মিক মৃত্যুতে তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হলেন। এরপরও তিনি ফার্ম চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলেন এবং একজন পশু চিকিৎসক নিয়োগ দিলেন। এতে তিনি সফলতা লাভ করেন।
ক. সফল উদ্যোক্তা কোন ধরনের নেতৃত্ব দানের অধিকারী হয়ে থাকেন?
খ. উদ্যোক্তার নমনীয়তা বলতে কী বোঝায়?
গ. উদ্যোক্তার কোন গুণটি জনাব কালামের মধ্যে প্রতিফলিত হয়েছে? বর্ণনা কর।
ঘ. জনাব কালামের সফলতার কারণ বিশ্লেষণ কর।
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. সফল উদ্যোক্তা গতিশীল নেতৃত্ব দানের অধিকারী হয়ে থাকেন।
খ. উদ্যোক্তার নমনীয়তা বলতে বোঝায় পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলার যোগ্যতা। সমাজ সর্বদাই পরিবর্তনশীল। ব্যবসায় জগতে এ পরিবর্তন আরও গতিশীল। উদ্যোক্তাকে প্রতিনিয়তই পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হয়। পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর যোগ্যতাই উদ্যোক্তার নমনীয়তা।
গ. জনাব কালামের মধ্যে উদ্যোক্তার চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা প্রতিফলিত হয়েছে।
একজন উদ্যোক্তা নানান ধরনের গুণাবলির অধিকারী হয়ে থাকে। এসব গুণাবলি তাকে সাফল্যের দ্বারপ্রান্তে পৌঁছতে সহায়তা করে। উদ্যোক্তার বিভিন্ন গুণের মধ্য একটি হলোÑ চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা।
এই গুণের অধিকারী উদ্যোক্তারা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে নিরলস শ্রম দেন এবং সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকেন। উদ্দীপকে জনাব কালাম গরু-ছাগল পালনের অনেক সমস্যার কথা জেনেও লক্ষ্য অর্জনে নিরলস শ্রম দেন এবং ব্যক্তিগত আরাম-আয়েশ, ভোগ-বিলাস পরিহার করেন।
তাছাড়া তিনি নিজের ক্ষমতা ও সিদ্ধান্তের প্রতি আস্থাশীল ছিলেন। তাই দুটি গাভীর আকস্মিক মৃত্যুতে তিনি দিশেহারা না হয়ে লক্ষ্য অর্জনের জন্য নতুনভাবে কাজশুরু করেন এবং ফলাফল অর্জিত না হওয়া পর্যন্ত নিজেকে কাজে নিয়োজিত রাখেন। তাই বলা যায়, চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে সাফল্য অর্জনের তীব্র আকাক্সক্ষা জনাব কালামের চরিত্রে প্রতিফলিত হয়েছে।
ঘ. জনাব কালাম তার উদ্যোক্তাসুলভ বৈশিষ্ট্যের কারণে সফলতা অর্জন করেছেন।
ব্যবসায় থেকে প্রত্যাশিত মুনাফা অর্জনের জন্য উদ্যোক্তা ঝুঁকি গ্রহণ করেন। একজন সফল উদ্যোক্তা পূর্বেই ঝুঁকির সম্ভাব্য কারণ ও মাত্রা অনুমান করেন এবং সেগুলো মোকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করেন।
কোনো কারণে প্রথমবার ব্যর্থ হলে ব্যর্থতার কারণ খুঁজে দ্বিতীয়বার নতুন উদ্যমে কাজ শুরু করেন। কাজে সাফল্য অর্জনে তীব্র আকাক্সক্ষা তার চরিত্রের একটি বিশেষ দিক। উদ্দীপকে কালাম গরু-ছাগল পালনের সমস্যাকে ঝুঁকি হিসেবে মেনে নিয়ে ডেইরি ফার্ম স্থাপনে অগ্রসর হন। কারণ তিনি জানতেন মুনাফা ঝুঁকি গ্রহণের পুরস্কার।
তাই ব্যবসায়ের শুরুতেই তিনি তার ব্যবসায়ের সম্ভাব্য ঝুঁকি, ঝুঁকির কারণ ও মাত্রা অনুমান করেন এবং সেগুলো মোকাবিলা করার প্রস্তুতি গ্রহণ করেন। তাছাড়া তার মধ্যে সাফল্য লাভের তীব্র আকাক্সক্ষা থাকায় তিনি তার ফার্মের দুটি গভীর আকস্মিক মৃত্যুতেও ভেঙে পড়েননি। তিনি কাজের প্রতি অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।
তাই তিনি একবার ব্যর্থ হয়েও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য নিরলস শ্রম দেন। এছাড়াও দূরদৃষ্টি, সৃজনশীলতা, আত্মবিশ্বাস, সুযোগ-সুবিধার ব্যবহার ইত্যাদির গুণাবলি তার মধ্যে ছিল।
পরিশেষে বলা যায় যে, জনাব কামালের মধ্যে উদ্যোক্তাসুলভ বিভিন্ন বৈশিষ্ট্য থাকার কারণে তিনি তার ব্যবসায়ে সফলতা পান।
সৃজনশীল প্রশ্ন
রাশিদা বেগম ছিলেন গ্রামের দরিদ্র মহিলা। তিনি কুটির শিল্পের কাজ করে আজ আর্থিকভাবে সচ্ছল একজন নারী। তার আগ্রহ, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম তাকে সচ্ছল হতে সহায়তা করেছে। বর্তমানে তিনি তার সঞ্চিত টাকা ও ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি কুটির শিল্প স্থাপন করেছেন। এতে গ্রামের অসহায় মহিলারা কাজ করার সুযোগ পাচ্ছে।
ক. প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ে কোন পরিবেশ সৃষ্টি সম্ভব?
খ. উদ্যোক্তা কাকে বলে? ব্যাখ্যা কর।
গ. রাশিদার কুটির শিল্প স্থাপনের ক্ষেত্রে কোনটি তাকে সহায়তা করেছে? ব্যাখ্যা কর।
ঘ. রাশিদা বেগমের আর্থিক সচ্ছলতা লাভে যে বিষয়টি অধিক ভূমিকা রেখেছে তা আলোচনা কর।
- উত্তর ডাউনলোড করুন> এসএসসি: বিভিন্ন স্কুলের নির্বাচিত সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> ফিন্যান্স ও ব্যাংকিং:এসএসসি পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও উত্তর(PDF)
- উত্তর ডাউনলোড করুন> (PDF) SSC:ফিন্যান্স ও ব্যাংকিং সৃজনশীল প্রশ্ন (উত্তরসহ)
- উত্তর ডাউনলোড করুন> SSC:ফিন্যান্স ও ব্যাংকিংMCQ দ্বিতীয় অধ্যায় (PDF)
- উত্তর ডাউনলোড করুন> SSC:MCQফিন্যান্স ও ব্যাংকিং দ্বিতীয় অধ্যায় (PDF)
সৃজনশীল প্রশ্নের উত্তর
ক. প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ের অনুকূল পরিবেশ সৃষ্টি সম্ভব।
খ. উদ্যোক্তা হলেন একজন ব্যক্তি যিনি কোনো কাজ করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। এ উদ্যোগ হতে পারে ব্যবসায়িক উদ্দেশ্যে আবার সামাজিক বা মানবিক উদ্দেশ্যেও। উদ্যোক্তা তার সৃজনশীলতার মাধ্যমে উদ্যোগ বাস্তবায়ন করেন।
গ. রাশিদার কুটির শিল্প স্থাপনের ক্ষেত্রে ব্যাংক ঋণ তাকে সহায়তা করেছে।
কুটির শিল্পের বিকাশ দেশের অর্থনৈতিক উন্নয়নের সহায়ক। তাই দেশের কুটির শিল্পের বিকাশ ঘটাতে ব্যাংক কুটির শিল্পের উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের ঋণ সুবিধা দিচ্ছে। উদ্দীপকের দরিদ্র মহিলা রাশিদা বেগম কুটির শিল্পের কাজ করে আজ আর্থিকভাবে একজন সচ্ছল নারী।
তিনি কুটির শিল্পের কাজ করার মাধ্যমে অর্থ সঞ্চয় করেছেন। এই সঞ্চিত অর্থ ও ব্যাংক ঋণের সহায়তা নিয়ে তিনি নিজেই একটি কুটির শিল্পের প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।
অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের দেয়া ঋণের কারণে রাশিদা বেগমের কুটির শিল্পটি স্থাপন করা সম্ভব হয়েছে। তা না হলে প্রয়োজনীয় মূলধনের অভাবে তিনি তার কুটির শিল্পটি প্রতিষ্ঠা করতে পারতেন না। তাই বলা যায়, রাশিদা বেগমের শিল্পটি স্থাপনে ব্যাংক ঋণ সহায়তা করেছে।
ঘ. রাশিদা বেগমের আর্থিক সচ্ছলতা লাভে তার উদ্যোক্তাসুলভ গুণাবলি অধিক ভূমিকা রেখেছে।
একজন উদ্যোক্তা তার সম্পাদিত বিভিন্ন কার্যাবলি দ্বারা নিজের সফলতা অর্জনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করেন।
তাই একজন উদ্যোক্তাকে কতগুলো বিশেষ গুণাবলির অধিকারী হতে হয়। একজন দক্ষ উদ্যোক্তার মধ্যে এমন কতগুলো বৈশিষ্ট্য বিদ্যমান থাকে যা সহজে তাকে সাধারণ মানুষ থেকে পৃথক করে দেয়। উদ্দীপকে রাশিদা বেগম একজন কুটির শিল্পের উদ্যোক্তা। তিনি কুটির শিল্পের কাজ করে নিজে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন।
এই সচ্ছলতার পিছনে তার যেসব গুণগুলো কাজ করেছে তা হলো আগ্রহ, সৃজনশীলতা ও কঠোর পরিশ্রম। তিনি তার প্রতিষ্ঠানের সকল কাজ আগ্রহ নিয়ে করে থাকেন। এরূপ কাজে তিনি তার সৃজনশীলতা প্রয়োগ ঘটান।
তাছাড়া তিনি সবসময় সব ধরনের কাজ করতে প্রস্তুত থাকেন এবং কোনো কাজকে ছোট করে দেখেন না। সুতরাং বলা যায়, রাশিদা বেগমের উদ্যোক্তা সুলভ গুণাবলি তাকে আর্থিক সচ্ছলতা আনয়নে সহায়তা করেছেন।
যুক্ত হোন আমাদের ইউটিউব চ্যানেলে এখানে ক্লিক করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
Durba TV academic Website